নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে জমি সংক্রান্ত জেরে দুই পক্ষের সংঘর্ষে মনোয়ারা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। স্থানীয়রা জানিয়েছেন, মসজিদে মাইকিং করে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।
বুধবার (১২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার লোকজনের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা উত্তরপাড়ার শওকত মিয়ার স্ত্রী। মনোয়ারার ছোট ভাই হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে উত্তরপাড়ার জহিরুল, আয়নাল, আলাল, মজিবর ও ঠান্ডু গরুর হাট থেকে ফেলার সময় দক্ষিণপাড়ার এনামুল হক, আনু, রাসেল, বাদল, সেলিম, সানাউল্যা ও সানুসহ কয়েকজনে মিলে তাদের পথরোধ করে। এ সময় কয়েকজনকে মারধর করা হয়।
বাসাইল থানার ওসি মাজহারুল আমীন কালের কণ্ঠকে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ সংঘর্ষ হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রয়েছে। এ ঘটনায় দুপক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এখনো কোনো পক্ষ মামলা দায়ের করেনি। দুজনকে আটক করেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আতিক বলেন, ‘হাসপাতালে একজনের লাশ রয়েছে। আহত অবস্থায় কয়েকজনে আনা হয়েছে। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

