টাঙ্গাইলের বাসাইলে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বাসাইল উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক উত্তম কুমার সাহা। তিনি এর আগে বাসাইল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (২৮ জানুয়ারি) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক শফিকুল ইসলাম খান এবং উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন তাকে ফুল দিয়ে বরণ করেন। এ সময় উত্তম কুমার সাহা জামায়াতের সদস্য ফরম পূরণ করে জমা দেন।
উত্তম কুমার সাহা বলেন, প্রায় ৩৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ৫ আগস্টের পর দলের পরিস্থিতি ও অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে বিএনপিতে আর স্বস্তি বোধ করছিলাম না। জামায়াতের আদর্শ ভালো লাগায় এই দলে যোগ দিয়েছি।
তিনি বলেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করে এবং আমরা সবাই বাঙালি।
উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে জামায়াতে যোগ দিতে চাচ্ছিলেন উত্তম কুমার। গতকাল বুধবার রাতে জামায়াতের সদস্য ফরম পূরণ করে তিনি জমা দেওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে।’

