মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী। তিনি নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপোশ করেননি।
আরো পড়ুনঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালিয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে এক হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে জায়গা দেবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী আবদুস সালাম পিন্টু, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক আইনজীবী এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে, বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

