টাঙ্গাইলের মির্জাপুরে পল্লী বিদ্যুতের জামুর্কী সাব-স্টেশনে ঢুকে ডিউটিরত এক লাইনম্যানকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৬ আগস্ট) মির্জাপুর থানায় মামলা হয়েছে।
আহত লাইনম্যানের নাম আব্দুল লতিফ (৩২)। প্রথমে তাকে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সাব-স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার বেলা ১১টার দিকে ২০ থেকে ২২ জনের একটি যুবক দল আকস্মিকভাবে সাব-স্টেশনে প্রবেশ করে। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা লাঠিসোঁটা নিয়ে লাইনম্যান আব্দুল লতিফের ওপর হামলা চালায়। একপর্যায়ে এলোপাতাড়ি মারধরে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম জানান, লতিফের মাথায় গুরুতর আঘাত রয়েছে। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
মির্জাপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক পলাশ ভৌমিক বলেন, “জামুর্কী সাব-স্টেশনে আমাদের এক কর্মীর ওপর অতর্কিত হামলা করা হয়েছে। আহত লতিফ চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মির্জাপুর থানায় মামলা করা হয়েছে।”
মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ ফজল বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

