টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পারাপারের সময় বাস চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) এবং গাজীপুর জেলার সফিপুর নস্করচালার মৃত পঞ্চুর ছেলে ঝলক (১৫)।
আরো পড়ুনঃ মির্জাপুরে আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই দুই কিশোর জামুর্কী বাসস্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তারা নিহত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফ বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।

