বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত এমপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রাথমিক শিক্ষা মজবুত হলে উচ্চশিক্ষাও স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে বিষয়ে বিএনপি সর্বোচ্চ পদক্ষেপ নেবে।
শনিবার (১৭ জানুয়ারি) টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শাহীন শিক্ষা পরিবারের আয়োজনে পুরস্কার বিতরণ, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পিঠা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
টুকু বলেন, আমরা চাই টাঙ্গাইলের সন্তানরাই এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করুক।
টাঙ্গাইল শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে টুকু বলেন, আমরা সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোর গ্যাং ও মাদকমুক্ত টাঙ্গাইল চাই।
বেকারত্ব প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টাঙ্গাইলে শিক্ষিত জনগোষ্ঠীর সংখ্যা অনেক হলেও বেকারত্ব একটি বড় সমস্যা। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে এক কোটি যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুল আহসান, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু ও সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

