শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাআদতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন একই বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুনুর রশিদ এবং সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২০০ শিক্ষার্থী এবং সহযোগী ব্যাংকগুলোর ৩৩ জন কর্মকর্তা অংশ নেন।
শেষ পর্বে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থী ও অংশগ্রহণকারী ব্যাংক কর্মকর্তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।