টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন।
রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঞাপুর বাজার থেকে আলম ও সুরুজ আকন্দ মোটরসাইকেলে নিজ বাড়ি পশ্চিম ভূঞাপুরে যাচ্ছিলেন। পথে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুরুজ আকন্দ নিহত হন এবং আলম আহত হন। আহত আলমকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।