বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

বাসাইলে নারীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড

টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।

​দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

আরো পড়ুনঃ বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

​পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিল ইউনিয়নের উত্তর বাথুলীসাদী এলাকায় এক নারীকে আপত্তিকর অঙ্গভঙ্গি করার অপরাধে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে মারুফ মিয়া উত্ত্যক্তের কথা স্বীকার করায় আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশের পর মারুফ মিয়াকে পুলিশি হেফাজতে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

​উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী উত্ত্যক্ত ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরও কঠোরভাবে পরিচালিত হবে।