সখীপুরে গাঁজাসহ আটক কৃষকদল নেতাকে আজীবন বহিস্কার

সখীপুরে গাঁজাসহ আটক কৃষকদল নেতাকে আজীবন বহিস্কার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি (আড়াই মণ) গাঁজাসহ গ্রেফতার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক হেলাল শিকদারকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুনঃ সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

উপজেলা কৃষকদলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব শাহাদত হোসেন সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ কেজি গাঁজা নিয়ে ধরা পড়ার বিষয়টি আমাদের নজরে এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে নির্বাচন না করে হরিণ প্রতীকের পক্ষে নির্বাচন করায় হেলাল শিকদারকে তখনই মৌখিকভাবে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। তাই তিনি প্রকৃতপক্ষে বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নন। কারও ব্যক্তিগত অপরাধের দায়ভার সখীপুর উপজেলা কৃষকদল নেবে না। তাই তার এই অনৈতিক কাজের জন্য কৃষকদল থেকে আজীবন বহিষ্কার করা হলো।

এর আগে রোববার (৪ অক্টোবর) ভোরের দিকে উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট বসায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে পাহারা দিয়ে নিয়ে আসা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা জব্দ করা হয়।

অভিযানে একটি কাভার্ডভ্যান, একটি মোটরসাইকেল, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ এবং হেলাল শিকদারসহ তিনজনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে সখীপুর থানায় হস্তান্তর করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।