টাঙ্গাইল পৌর শহরে অনুমোদন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি হাসপাতালকে মোট ২ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) পরিচালিত এ অভিযানে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলমের নেতৃত্ব দেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ফারহানা আরেফিন জুঁই অভিযানে উপস্থিত থেকে আইনগত আদেশ দেন।
অভিযানকালে লাইসেন্সের মেয়াদ না থাকা এবং বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চিকিৎসকের নাম ব্যবহার করে রিপোর্ট তৈরির প্রমাণ পাওয়ার কথা জানানো হয়। এসব অনিয়মের কারণে সিটি হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালটি সম্পূর্ণভাবে সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া একই অভিযানে ধানসিঁড়ি হাসপাতাল সিলগালা করা হয়েছে। অন্যদিকে বিভিন্ন অনিয়মের অভিযোগে মেডিপ্লাস হসপিটাল অ্যান্ড হরমোন সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. এফ এম মাহবুবুল আলম বলেন, জেলায় বর্তমানে ছয় শতাধিক বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল পরিচালিত হচ্ছে। এর মধ্যে সরকারি বৈধ অনুমোদন রয়েছে মাত্র ১০৪টি প্রতিষ্ঠানের।
তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা এবং অনুমোদনহীন ও অনিয়মে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অনুমোদন ও প্রয়োজনীয় চিকিৎসকসহ অন্যান্য শর্ত যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

