বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আন্দোলনে বিএনপির প্রায় সাড়ে ৪০০-এর অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে শত শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। বিগত দিনে স্বৈরাচার ভোটের রাজনীতি ধ্বংস করেছে। শেখ হাসিনা দিনের ভোট রাতে নিয়ে মানুষের ভোটের অধিকার হরণ করেছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি টুকু বলেন, ‘আমাদের অসংখ্য নেতাকে গুম ও হত্যা করেছে তারা। আমাদের নেত্রীকে ৬ বছর জেলে নির্যাতন করেছে। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না, মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।’
এর আগে শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
টাঙ্গাইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম খান ঝলক প্রমুখ।

