টাঙ্গাইলের মির্জাপুরে সোয়া দুই ঘণ্টার ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু এবং তার ছেলে এমারত হোসেন তালিশের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ জুলাই) বিকেল পৌনে ৬টায় ছেলে এমারত হোসেন তালিশ জাতীয় হৃদরোগ এবং রাত ৮টায় বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যবসায়ী খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমের চাচা।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে একই কবরস্থানে ছেলের পাশে বাবাকে দাফন করা হবে বলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যবসায়ী খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম জানিয়েছেন।
বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব শোক প্রকাশ করেছেন।

