টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে তাওহিদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার কদিম ধল্যা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত তাওহিদ ওই গ্রামের মৃত আমিনুর মিয়ার ছেলে।
আরো পড়ুনঃ
বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যাক্ত করায় যুবকের ৬ মাসের কারাদণ্ড
এলাকাবাসী জানায়, দুপুরে তাওহিদসহ কয়েকজন শিশু বাড়ির পাশের বিলে খেলতে যায়। একপর্যায়ে তাওহিদ পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিলের পানিতে তার জুতা ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর পানিতে নেমে তাওহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা নাজমুন নাহার ইতি বলেন, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। হাসপাতালে আনার কয়েক ঘণ্টা আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

