সখীপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সখীপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে জুনায়েদ হাসান নামে সাড়ে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জুনায়েদ হাসান উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসানের ছেলে।

পরিবার ও স্থানীয়রা বলেন, সোমবার দুপুরে খাবার খেয়ে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। বিকেল পাঁচটার দিকে ঘুম থেকে উঠে সে কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে বাবা-মাকে জানায়, ‘কী যেন কামড় দিয়েছে।’ আশপাশে সাপ দেখতে না পাওয়ায় প্রথমে পরিবারের সদস্যরা বিষয়টি সাপের কামড় বলে নিশ্চিত হতে পারেননি।

পরে শিশুটি অচেতন হয়ে পড়লে সন্ধ্যা সাতটার দিকে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখতে পান।

আরো পড়ুনঃ

সখীপুরে নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার

হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানায়, রাত সাড়ে নয়টার দিকে জুনায়েদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, শিশুটিকে হাসপাতালে আনার সময় তার অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও আইসিইউ সুবিধা না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এদিকে মঙ্গলবার সকালে উপজেলার পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুনায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।