মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, স্থানীয় প্রশাসনকে কঠোর হস্তে মাদক নির্মূল করতে হবে। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কাজের জন্য সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের অভিভাবকরা ভালো নেই। যেখানেই মাদক কারবারি ও মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের ধরে জেলে দিতে হবে।’
আরো পড়ুনঃ
মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত
তিনি আরো বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণদের ইংরেজি, চীনা ও জাপানি ভাষা শিখতে হবে।
ফকির মাহবুব আনাম স্বপন বলেন, কয়েক মাসের মধ্যেই মধুপুরে এআই ও ফ্রিল্যান্সিং শিক্ষাকেন্দ্র করা হবে। এর মাধ্যমে মধুপুরের মানুষকে কর্মক্ষম করে তোলা এবং বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেনসহ প্রমুখ।

