সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে ১০০ কেজি গাঁজাসহ ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে এসআরবি-১৪ সদস্যরা।

রোববার (৪ অক্টোবর) ভোরে উপজেলার বেতুয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আশরাফুল আলম (৩৯), রাজু ইসলাম এবং হেলাল মিয়া (৪২)। এরমধ্যে হেলাল মিয়া সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক।

আরো পড়ুনঃ সখীপুরে দাদির জানাজায় ভিডিও কলে বক্তব্য দিলেন পলাতক আওয়ামীলীগ এমপি

রোববার দুপুরে এসআরবি-১৪ এর মিডিয়া অফিসার নাদিয়া ফারজানা প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে এসআরবি-১৪ সিপিসি-৩ এর একটি দল উপজেলার বেতুয়া তিন রাস্তার মোড়ে চেকপোস্ট স্থাপন করে। এসময় একটি কাভার্ডভ্যান ও সেটিকে স্কট (পাহারা) করে নিয়ে আসা একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা কাভার্ডভ্যানে মাদক থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাভার্ডভ্যানে বিশেষ কায়দায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক বহনে ব্যবহৃত কাভার্ডভ্যান, মোটরসাইকেল, নগদ টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এসআরবি আরও জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। পরবর্তীতে তাদেরকে সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।