ভূঞাপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী সড়কের কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সকালে শহরের কলেজ গেট এলাকায় একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন।

খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।