দুর্যোগ ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা এবং দুর্ঘটনাকবলিত রোগীদের তাৎক্ষণিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে টাঙ্গাইলে মক ড্রিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে টাঙ্গাইলের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল ও ৫০০ শয্যাবিশিষ্ট টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এ মহড়া অনুষ্ঠিত হয়। হাসপাতালের আকস্মিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ডের সময় রোগী ও স্বজনদের নিরাপদে সরিয়ে নেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং জরুরি চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার সক্ষমতা যাচাই করা হয় মহড়ায়।
মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডার অংশ নেন। অগ্নিকাণ্ড মোকাবিলা, উদ্ধার তৎপরতা, প্রাথমিক চিকিৎসা এবং Onsite Patient Management-এর বিভিন্ন ধাপ বাস্তব পরিস্থিতির আদলে প্রদর্শন করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ মহড়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ‘দুর্ঘটনা-দুর্যোগে, সবার পাশে-সবার আগে’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মক ড্রিলের উদ্দেশ্য ছিল জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করা এবং হাসপাতালের দুর্যোগকালীন প্রস্তুতি যাচাই ও জোরদার করা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, এনডিসি দীপ ভৌমিক, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস, ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের উপ-পরিচালক ডা. খন্দকার সাদেকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

