টাঙ্গাইলের মির্জাপুরে মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে তাদের কাছ থেকে ৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তারদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী উপজেলার বাগজান ও গোড়াই এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুলের তত্ত্বাবধানে পরিদর্শক সাইফুর রহমান, উপ-পরিদর্শক তপু খান ও মোহাম্মদ রাশিদুল ইসলামের সমন্বয়ে একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তাররা হলেন—গোড়াই ইউনিয়নের মমিননগর গ্রামের রোকন মিয়ার ছেলে আল-ইমরান আকাশ (৩০), গোড়াই খামারপাড়া গ্রামের মৃত শামসুল করিম বাদশার ছেলে হারুন (৫০), মঈননগর গ্রামের মৃত বানেজ আলীর ছেলে রানা (২৫) এবং ভাতগ্রাম ইউনিয়নের বাগজান গ্রামের মৃত সুশান্ত কুমার রায়ের ছেলে জীবন রায় (৪৯)।
পরে মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক আজিজের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে আল-ইমরান আকাশ, হারুন ও রানাকে ছয় মাস করে এবং জীবন রায়কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আহসানুল কবির বুলবুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

