বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলে লিফলেট বিতরণ এবং সমাবেশ হয়েছে।
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে নেতাকর্মীরা সমবেত হন। পরে একটি বিশাল মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ করেন ফরহাদ ইকবাল।
এতে টাঙ্গাইল সদরের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ১৮টি ওয়ার্ড থেকে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা।
অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, আমি আশাবাদী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান আমাকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের মনোনয়ন দেবেন। অচিরেই মনোনয়ন ঘোষণার অনুরোধ করছি। তবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই আমরা বিএনপির নেতাকর্মীরা কাজ করব।
তিনি আরো বলেন, ৩১ দফার বাস্তবায়নের মাধ্যমে আমরা সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করব। এটি একটি দলিল। সেটাকে বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এমএ রৌফ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তরিকুল ইসলাম ঝলক, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শামিমুর রহমান খান, জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সদস্যসচিব এমএ বাতেন ও জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ।