মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে বিচার নিয়ে শঙ্কায় শহীদ মারুফের মা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

“তিনটি সন্তান নষ্ট হওয়ার পর চিকিৎসকের পরামর্শে অনেক সাধনা করে আমরা মারুফকে পেয়েছিলাম। তাকে সুশিক্ষিত করতে গ্রাম ছেড়ে টাঙ্গাইল শহরে এসেছিলাম। সে পড়াশোনাতেও অনেক ভালো ছিল। গত বছরের ৫ আগস্ট হাসিনা পালানোর পর বিজয় মিছিল থেকে সবার সন্তান বাড়ি ফিরলেও আমার মারুফ ফেরেনি। সবার বুক ভরে গেলেও আমার বুকে যন্ত্রণা। আমার মারুফ দেশের জন্য জীবন দিলেও আমরা কিছুই পাইনি। মারুফের বিচার পাওয়া নিয়ে শঙ্কায় আছি।”

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট (মঙ্গলবার) এ প্রতিবেদককে এসব কথা বলেন শহীদ মারুফের মা মোছা. মারুফা বেগম।

মারুফ হত্যা মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। বিকেলে ছাত্র-জনতা বিজয় মিছিল বের করে। টাঙ্গাইল শহরে বিজয় মিছিলে অংশ নেয় শাহীন স্কুলের দশম শ্রেণির ছাত্র মারুফ মিয়া। সন্ধ্যার দিকে বিজয় মিছিলটি শহরের মেইন রোডে পৌঁছালে তাদের ওপর রাইফেল, পিস্তল, শটগান ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে মারুফ সিটি ব্যাংক ভবনের দ্বিতীয় তলায় আশ্রয় নেয়। সেখানে কেউ শটগান দিয়ে মারুফকে গুলি করে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।

মারুফের মা মোছা. মারুফা বেগম বাদী হয়ে ১৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম ও আট সাবেক সংসদ সদস্যসহ ৫৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংঠনের শীর্ষ নেতাসহ অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলা সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন কারাগারে আছেন।

মারুফা বেগম বলেছেন, “সকলেই এসএসসি পরীক্ষা দিল। আমার ছেলে বেঁচে থাকলে এবার এ পরীক্ষায় অংশ নিত। আমি যখন পরীক্ষার কেন্দ্রের সামনে গেছি, তখন আমার বুকটা ফেটে গেছে। আমার বুকটা সব সময় হাহাকার করে। মারুফের সমবয়সীরা যখন আমার পাশে আসে, তখনো খুব খারাপ লাগে।”

তিনি বলেন, “মারুফের বাবাও তাকে মাটি দিতে পারেননি। তিনিও ফোন করে অনেক কান্না করেন। বিদেশে তারও অবস্থা ভাল না। আমাদের সংসার কীভাবে চলবে, সে চিন্তা হয় সব সময়। যারাই ক্ষমতায় থাকুক, একটু সহযোগিতা করলে আমাদের অনেক উপকার হবে।”

তিনি বলেন, “ছেলে হত্যার মামলা করেছি প্রায় এক বছর আগে। মামলায় তেমন অগ্রগতি দেখতে পাচ্ছি না। আমার ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে। যারা এ হত্যার সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মারুফা বেগম আরো বলেন, “আমার তো সব শেষ। ছেলে হত্যার বিচার পেলে তাও নিজেকে একটু সান্ত্বনা দিতে পারব। আমার ছেলে তো কোন রাজনৈতিক দলের না। তারপরও বিচার পেতে কেন এত বিলম্ব হচ্ছে? কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও বাকিরা ধরা-ছোঁয়ার বাইরে।”

টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সময়ন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক আল আমিন বলেন, “মারুফ হত্যা মামলার বিচারের বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, তদন্ত কর্মকর্তার সাথে একাধিকবার কথা হয়েছে। প্রকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে মারুফ হত্যা মামলা শেষ করার দাবি জানাই।”

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেছেন, “এখন পর্যন্ত মারুফ হত্যা মামলায় এজহারনামীয় ছয়জনকে গ্রেপ্তার হয়েছে। বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। মামলাটির তদন্ত চলছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102