প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
শনিবার (২১ জুন) সকালে টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোর্ডের পোস্ট অফিসের সামনে থেকে ঝটিকা মিছিল বের হয়। মিছিলটি কালিবাড়ী ব্রিজ এলাকায় এসে শেষ হয়৷
মিছিলের ব্যানারে লেখা ছিল ‘আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠন’। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। পুলিশ বলছে, এ ঘটনায় কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তবে মিছিলে অনেকে মুখোশ পরা ছিল।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, হঠাৎ করে তারা মিছিল করে। এ ঘটনায় কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।