টাঙ্গাইলের কালিহাতীতে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে রাজীব হোসেন (২৯) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে আটক করেছে।
রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গায় এ ঘটনা ঘটে। নিহত রাজীব হোসেন লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন চালক রাজীব হোসেন। মহাসড়কের ওই স্থানে ট্রাক থামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নামার পর কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করা হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরো পড়ুনঃ কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ ১০ হাজার টাকা জরিমানা
এদিকে হামলার সময় রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ছিনতাইকারী চক্রের সদস্য মিন্টুকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারী দলের আরও ৩ থেকে ৪ জন সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে মিন্টু ও ফারুক নামের দুজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের মূল কারণ উদঘাটনসহ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

