টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ (২১) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান এ অভিযান পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ফিরোজ উপজেলার রাউৎবাড়ি গ্রামের রূপচাঁন শেখের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন মাদক সেবন করে পরিবারের সদস্যদের মারধর ও এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আসছিলেন ফিরোজ। দুপুরে পুলিশ গাঁজাসহ তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও মাহবুব হাসান জানান, মাদক সেবন করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ফিরোজ নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।